সুজুকি মোটর সাইকেল আনছে র্যাংগস
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২১:২৪
বাংলাদেশে মোটর সাইকেল উত্পাদন ও বাজারজাতকরণের জন্য জাপান ভিত্তিক সুজুকি মোটর করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে র্যাংগস গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান র্যাংকন মোটর বাইকস্। আগামী বছরের শুরু থেকে বাজারে এ মোটর সাইকেল পাওয়া যাবে। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে র্যাংকন মোটর বাইকসের ঊর্ধ্বতন কর্মকতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, সুজুকির তৈরি মোটর সাইকেল যন্ত্রাংশ বাংলাদেশে এনে এখানে অ্যাসেম্বিলিং করা হবে।
তবে তা সরাসরি জাপান থেকে না এনে ভারতের কারখানা থেকে নিয়ে আসা হবে। অ্যাসেম্বিলিং করতে র্যাংকন মোটর বাইকস্ ইতিমধ্যে গাজীপুরে ৮০ কোটি টাকা ব্যয়ে একটি কারখানা স্থাপন করেছে। যেখানে প্রথম বছরে ২০ হাজার মোটর সাইকেল উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ কারখানার সার্বিক তত্ত্বাবধান করছে সুজুকি কর্পোরেশন। প্রাথমিকভাবে তিনটি (১১০, ১২৫ ও ১৫০ সিসি ইঞ্জিন) মডেলের মোটর সাইকেল বাজারজাত করা হবে।
সংবাদ সম্মেলনে সুজুকি মোটর করপোরেশনের জেনারেল ম্যানেজার কাতসুমি তাকাতা, র্যাংগস গ্রুপের চেয়ারম্যান এ. রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরীসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।