চোরাই আইফোনসহ যুবক গ্রেফতার

ঢাকার বসুন্ধরা সিটি থেকে মোবাইল চুরির অভিযোগে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তার নিকট থেকে ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। জানা গেছে, পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামের হারুন অর রশিদের পুত্র আল-আমিন ঢাকার বসুন্ধরা সিটির একটি মোবাইলের দোকানে চাকরি করতো। দুই মাস পূর্বে আল-আমিন দোকান থেকে আইফোন ফাইভ মডেলের ৭০ পিস মোবাইল চুরি করে পালিয়ে যায়। যার প্রতিটির মূল্য আনুমানিক ১ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে দোকানের মালিক সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করে। সেখান থেকে পাঠানো গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গত মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১২টায় নরসিংদী ক্যাম্প অফিসের দায়িত্বে নিয়োজিত র্যাবের একটি বিশেষ দল আল-আমিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পলাশ থানার বিএডিসি মোড়ের টেকনোলজি পয়েন্ট’র মালিক মুন্নার কাছ থেকে ৫টি মোবাইল উদ্ধার করে। মুন্না, আল-আমিনের চোরাইকৃত মোবাইলগুলো বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। র্যাব মুন্নার মাধ্যমে ৫ পিস মোবাইল উদ্ধার করে। বাকি মোবাইলগুলো উদ্ধারের জন্য মুন্নাকে ১ দিনের সময় দিয়েছে র্যাব।