তাইন্দংয়ে হামলাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ খাগড়াছড়িতে

জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে গত ৩ আগস্ট পাহাড়ি গ্রামে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপত্তার দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ বুধবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার এলাকার ঠিকাদার সমিতি ভবনের সামনে থেকে সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা, চেঙ্গী স্কোয়ার হয়ে মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাবের সামনে ঘুরে চেঙ্গী স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউ পি ডি এফ)-এর খাগড়াছড়ি সদর ইউনিটের সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অংকন চাকমা সমাবেশ পরিচালনা করেন। সমাবেশে বক্তারা বলেন, তাইন্দং সাম্প্রদায়িক হামলার ২৬ দিন পার হলেও সরকার এখনো ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে কোন উদ্যোগ গ্রহণ করেনি।