বাজেটের বড় অংশ চলে যাচ্ছে বিদেশিদের ঋণ পরিশোধে : নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একসময় বাজেট বরাদ্দের অধিকাংশ রাখা হতো স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বা প্রতিরক্ষা খাতে, কিন্তু বর্তমানে দেশের বাজেটের অধিকাংশ বরাদ্দ রাখা হচ্ছে বিদেশিদের ঋণ পরিশোধে, সুদ পরিশোধে। দেশে ঋণ বেড়ে চলেছে। বর্তমানে একটি শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মাথাপিছু ঋণ ৬০ হাজার টাকা। এভাবে চলতে থাকলে দেশ একদিন ধ্বংস হয়ে যাবে। এর থেকে দেশকে মুক্ত করতে হলে এ সরকারের পতন দরকার।

গতকাল জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) উদ্যোগে ‘৪৩তম ফারাক্কা লংমার্চ দিবস এবং খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান রাজনৈতিক মহাসঙ্কট উত্তরণে মওলানা ভাসানীর আদর্শ অনুসরণের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা কথা বলেন।

অ্যাডভোকেট মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।