পাচারকৃত অর্থ ফেরতের ঘটনাকে ‘নাটক’ বলা আদালত অবমাননা
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২১:৪৯
এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেছেন, সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপার্সনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচারকৃত অর্থ দেশে ফেরত এসেছে। এই ফেরত আনার ঘটনাকে নাটক বলা শুধু অন্যায় নয়, তা আদালত অবমাননার শামিল। সুপ্রিম কোর্ট কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এটর্নি জেনারেল একথা বলেন।
এটর্নি জেনারেল বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে সাফাই গাওয়াও অন্যায়। অর্থ ফেরত আনার প্রক্রিয়াকে নাটক বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে পাচার হওয়া অন্য ব্যক্তিদের টাকাও দেশে ফেরত আনার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। দুদক মনে করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। এ সময় অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান উপস্থিত ছিলেন।
এটর্নি জেনারেল বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় ঝুঁকি নিয়ে এই টাকা ফেরত আনার কাজ করেছে। এজন্য ধন্যবাদ না দিয়ে ‘নাটক’ বলা অনভিপ্রেত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
মঙ্গলবার এক সেমিনারে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের কাছে কোকোর অর্থ ফেরতের একটি প্রতীকী চেক হস্তান্তর করেন অ্যাটর্নি জেনারেল। পরদিন ঐ চেক হস্তান্তরের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।