বার্সেলোনায় মার্টিনোর প্রথম শিরোপা

বার্সেলোনার হয়ে নিজের প্রথম শিরোপা জিতলেন কোচ জেরার্ডো মার্টিনো। আর নতুন ক্লাবের হয়ে নিজের প্রথম শিরোপা লড়াইয়ের চাপটা যে ভালোভাবেই টের পেয়েছেন ম্যাচ শেষে সেটি স্বীকারও করেছেন মার্টিনো। নূ ক্যাম্পে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে গত বুধবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে গোলশূন্য ড্র করলেও আগের লেগে করা অ্যাওয়ে গোলের সুবাদে শিরোপা নিশ্চিত করে কাতালানরা। সুপার কাপে নিজেদের একাদশ শিরোপা জিততে বার্সেলোনাকে সর্বনিম্ন যে কাজটা করতে হতো, সেই গোলশূন্য ড্রই করলো তারা। যদিও নেইমার, লিওনেল মেসিকে নিয়ে প্রথম একাদশ সাজিয়ে মার্টিনো প্রতিশ্রুতি দিয়েছিলেন আক্রমণাত্মক ফুটবল খেলার। চোট সমস্যা কাটিয়ে এম্যাচেই দলে ফেরা মেসি ম্যাচের শেষ দিকে পেনাল্টির সুযোগ হাতছাড়া না করলে হয়তো জয় দিয়েই শিরোপা উত্সব করতে পারতো স্বাগতিকরা। এর আগে ম্যাচের শুরুর অর্ধেকটা ছিল অনেকটাই নিষ্প্রাণ। অ্যাওয়ে গোলের জন্য মরিয়া অ্যাতলেটিকো বারবার বার্সার গোলমুখে হানা দিতে চাইলেও প্রতিবারই তাদের ফিরে আসতে হয় ব্যর্থ হয়ে। বিশেষ করে বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেস পুরো ম্যাচেই ছিলেন আস্থার প্রতিমূর্তি। বিরতির আগ মুহূর্তে তুর্কি স্ট্রাইকার আদ্রে তুরানের দারুণ একটি প্রচেষ্টা দুর্দান্তভাবে রুখে দেন ভালদেস। সেই তুলনায় ম্যাচের দ্বিতীয়ার্ধটি ছিল অনেক বেশি উত্তেজনাপূর্ণ। যদিও সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ে গোলের দেখা পায়নি সফরকারীরা। উল্টো ম্যাচের ৮০ মিনিটে আলভেজকে কনুই চালানোর অপরাধে লাল কার্ড দেখেন ফিলিপ লুইজ। একই সঙ্গে ম্যাচ থেকেও প্রায় ছিটকে পড়ে তারা। এর আগে ভিসেন্তে ক্যালদেরনে ফাইনালের প্রথম লেগে নেইমারের গোলে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মার্টিনোর দল। এদিকে নূ ক্যাম্পে প্রায় আশি হাজার দর্শকের সামনে নিজের প্রথম শিরোপা যুদ্ধের চাপটা যে বেশ কঠিনই ছিল ম্যাচ শেষে সেকথাই বললেন নতুন কোচ মার্টিনো। এই আর্জেন্টাইন বলেন, ‘বার্সেলোনা এই ট্রফিটা অনেকবার জিতেছে আমি জানি; কিন্তু আমার জন্য এটি ছিল বিশেষ কিছু। আমি সব সময়ই একই রকম থাকার চেষ্টা করি। কারণ আমি মনে করি মাঠের খেলায় আমার কোন হাত নেই। সেটি একেবারেই ফুটবলারদের উপর নির্ভরশীল; কিন্তু আমাকে স্বীকার করতেই হবে, পুরোটা সময় (ম্যাচের) আমাকে চাপে থাকতে হয়েছে। এমনকি ম্যাচ শেষে স্বাভাবিক হতেও আমার কিছুটা সময় লেগেছে।’