প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হবে আগামী ১০ আগস্ট। অনেক গড়িমসির পর অবশেষে গতকাল বৃহস্পতিবার লিগ শুরুর তারিখ নিশ্চিত করলো ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এর আগে তিন সেপ্টেম্বর লিগ শুরুর কথা থাকলেও ক্লাবগুলোর অনুরোধে এক সপ্তাহ পিছিয়ে গেল লিগ। সিসিডিএম সভাপতি জালাল ইউনুস বলেন, ‘আমরা এখন লিগ শুরুর চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছি। চূড়ান্ত সূচী কয়েকদিনের মধ্যেই ক্লাবগুলোর কাছে পৌঁছে যাবে। ট্রেনিং ও নিজেদের মধ্যে বোঝাপড়ার জন্য ক্লাবগুলোর কয়েকদিন সময় চেয়েছিল। সবদিক বিবেচনা করে আমরা দেখেছি যে ১০ সেপ্টেম্বর লিগ শুরু করার জন্য আদর্শ সময়।’ এদিকে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের পাওনা নিয়ে কোন জটিলতা সৃষ্টি হবে না বলে জানালেন সিসিডিএম সভাপতি জালাল ইউনুস। গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রিমিয়ার ক্রিকেট লিগ একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। এই লিগে অংশ নেয়া ক্রিকেটারদের টাকা না পাওয়ার কোনো নজির নেই। এবারও তার ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই।’ তিনি আরও জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের সময় ৪০ শতাংশ, লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর ৩০ শতাংশ এবং সুপার লিগ শেষ হওয়ার এক মাসের মধ্যে বাকি ৩০ শতাংশ টাকা পরিশোধ করতে হবে ক্লাবগুলোকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জড়িত খাকলেও প্রিমিয়ার লিগে বিষয়টি পুরোপুরি ক্লাব ও ক্রিকেটারদের মধ্যেই থাকবে বলে জানালেন তিনি। এখন পর্যন্ত পাঁচটি ভেন্যুর কথা মাথায় রেখে এগোচ্ছে বিসিবি। ১৮ সেপ্টেম্বরের পর থেকে খেলা হতে পারে মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা স্টেডিয়ামেও। জালাল ইউনুস জানিয়েছেন, ‘ফতুল্লার দুটি মাঠ, বিকেএসপির দুই নম্বর মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা হতে পারে।’ বৃষ্টির কথা চিন্তা করে এবার ‘রিজার্ভ ডে’ রাখা হচ্ছে বলে জানান তিনি।