সাফ নিয়ে প্রচার নেই নেপালে
স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২২:১১
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে আটটি দেশ খেলবে। অথচ দলগুলো এসে নামছে যে ত্রিভুবন বিমানবন্দরে তার কোথাও সাফ চ্যাম্পিয়নশিপ লেখা একটা ব্যানার বা পোস্টার নেই। গত দুই দিনে কাঠমান্ডু শহরের যতটুকু চোখে পড়েছে তাতে কোথাও একটা ব্যানার দেখা যায়নি। শহর ঘুরে মনেই হবে না এখানে দক্ষিণ এশিয়ার আটটি দেশের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই হতে যাচ্ছে। পরিস্থিতি এমন কেন জানতে চাইলে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও এক সময় ঢাকার মাঠের পরিচিত খেলোয়াড় গনেশ থাপার জবাব-‘দরকার কী। শুক্রবার মাঠে এসো, দর্শক দেখবে কি পরিমাণ হয়।’ তার কথা ঠিক। আগের অভিজ্ঞতা বলে নেপালে ফুটবল মাঠে দর্শকদের বসার জায়গা ঠিকমতো দেয়া যায় না। তারপরও সাফ বলে তো কথা। গনেশ বলছেন, ‘প্রচার না করার কারণ হচ্ছে আজকে আমি প্রচার করলাম, আর কালকে একটা অঘটন ঘটে গেল। দায়িত্ব নেবে কে। আমি এমন কিছু দেখতে চাই না।’ তবে শহরে প্রচার না থাকলেও নেপালের পত্র-পত্রিকায় ব্যাপকভাবে সংবাদ ছাপা হচ্ছে। নেপাল জাতীয় দল ঘোষণার পর কয়েকটি বড় পত্রিকায় এক পাতা জুড়ে সংবাদ ছাপা হয়েছে।