এসএম সুলতানের জন্মবার্ষিকী
নড়াইলে চিত্রা নদীতে নৌকাবাইচ
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২৩:১৫
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। এ উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হয় ঐহিত্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকালে চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার বিশ্বাস। চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাট থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতায় নারীদের চারটি ও পুরুষদের ১৮টি নৌকা অংশগ্রহণ করে। বিভিন্ন বয়সের হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। নড়াইলের পার্শ্ববর্তী যশোর, খুলনা, মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুরসহ দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা এসেছিলেন এ প্রতিযোগিতা উপভোগ করতে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় নড়াইলের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) হাওলাদার মোহাম্মদ রকিবুল বারী, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) বিএম নুরুজ্জামান, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল আলম, বাংলালিংকের সিনিয়র এ্যাসিস্টেন্ট ম্যানেজার (পি আর অ্যান্ড কমিউনিকেশন) খন্দকার আশিক ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে এসএম সুলতান মঞ্চ চত্বরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সুলতান উত্সব। উত্সবের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান।