রাশিয়াও দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে

সিরিয়ায় হামলার পক্ষে অবস্থান নেয়া যুক্তরাষ্ট্র সিরিয়া অভিমূখে যুদ্ধজাহাজ পাঠানোর পর এবার সিরিয়ার পক্ষ নেয়া রাশিয়াও ভূমধ্যসাগরে দুটি যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। রাশিয়ার এই পদক্ষেপে উত্তেজনা নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার দুটি জাহাজের একটি এন্টি-সাবমেরিন ও অন্যটি ক্ষেপণাস্ত্রবাহী। মিত্র দেশ সিরিয়ার বিরুদ্ধে যখন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা হামলা অনেকটা অনিবার্য মনে হচ্ছে তখন মস্কো এ পদক্ষেপ নিল। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এখবর দিয়েছে। রুশ জেনারেল স্টাফের একজন কর্মকর্তা বলেছেন, ‘পূর্ব ভূমধ্যসাগর এলাকার বিরাজমান পরিস্থিতির কারণে আমাদের নৌবাহিনীতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিশাল একটি এন্টি-সাবিমেরিন উত্তরাঞ্চলীয় বহর থেকে আগামী কয়েকদিনের মধ্যে ভূমধ্যসাগরের নৌবহরে যোগ দেবে। এরপর কৃষ্ণসাগর থেকে ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ যাবে জিব্রাল্টাার প্রণালীতে। তবে সিরিয়া সংকট উপলক্ষে যুদ্ধজাহাজ প্রেরণের বিষয়টি অস্বীকার করেছে দেশটির নেভী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমধ্যসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজের উপস্থিতির সিদ্ধান্ত অনেক আগের পরিকল্পনা। উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান মিত্র রাশিয়া দেশটিতে যেকোনো ধরনের আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপের বিরোধি। দেশটি বলেছে, আসাদ যে রাসায়নিক হামলা চালিয়েছেন তার কোনো প্রমাণ নেই।