ঢাবিতে অনার্স ভর্তি প্রক্রিয়া শুরু ১২ সেপ্টেম্বর
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২৩:১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পাঁচটি ইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের অনলাইনে ফরম পূরণ এবং সংগ্রহ এ দিন থেকে শুরু হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া, অর্থ জমাদান ও প্রবেশপত্র সংগ্রহ সম্পন্ন করতে হবে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য শিগগিরই জানিয়ে দেয়া হবে। আবেদন ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট univdhaka.edu কিংবা admission.univdhaka.edu অথবা সংশ্লিষ্ট অনুষদের ওয়েবসাইটে দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক নভেম্বর ঘ-ইউনিটের, ৮ নভেম্বর খ-ইউনিটের, ১৫ নভেম্বর গ-ইউনিটের, ২২ নভেম্বর ক-ইউনিটের, ২৩ নভেম্বর চ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভিন্ন ইউনিটে ভর্তির আবেদনের জন্য যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।