চট্টগ্রাম ও পিরোজপুরে বন্ধ হলো বিএনপি’র কর্মীসভা

সংঘর্ষের আশঙ্কায় চট্টগ্রাম ও পিরোজপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মীসভা ও প্রতিনিধি সভা হয়নি। গত কয়েকদিনে প্রধান বিরোধী দলের বিভিন্ন স্তরের কর্মীসভায় সংঘর্ষের প্রবণতা দেখা যাচ্ছে। এতোদিন চুপচাপ থাকলেও এখন নেতাকর্মীদের অনেকেই সামনের সারিতে আসতে চাচ্ছেন। নিজেরা যে খুব সক্রিয় সেটি কেন্দ্রীয় নেতাদের সামনে দেখাতে চাইছেন। এসব নিয়েই বেধে যাচ্ছে সংঘর্ষ। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র কর্মীসভা না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ঢাকা অফিসে দুই গ্রুপের সমঝোতায় কর্মীসভার পরিবর্তে নির্বাহী কমিটির সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে দলের কেন্দ্রীয় সাংগঠনিক টিমের উপস্থিতিতে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। দুপুরে নগরীর পতেঙ্গার বোটক্লাবে অনুষ্ঠেয় সভায় নির্বাহী কমিটির ১৫১ সদস্য, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংবাদিক ব্যতীত আর কারো প্রবেশাধিকার থাকবে না বলে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী গতকাল ইত্তেফাককে জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। উল্লেখ্য, গত ২৭ আগস্ট নগরীর মুসলিম হলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কর্মীসভা ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে অনুষ্ঠিত হয়। পিরোজপুরে ছাত্রদলের কোন্দলের প্রতিনিধি সভা হয়নি পিরোজপুর অফিস জানায়, দলীয় কোন্দলে বহুধা বিভক্ত পিরোজপুরের ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের চাপের মুখে জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা হয়নি। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে উপস্থিত সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে এক কর্মী সমাবেশ করা হয়। পিরোজপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠনের জন্য দীর্ঘদিন পর গতকাল বৃহস্পতিবার জেলা প্রতিনিধি সভা ডাকা হয়েছিল। কিন্তু পদবঞ্চিত প্রতিনিধি সভা অনুষ্ঠানের বিপক্ষে অবস্থান নেয়। এ নিয়ে বুধবার রাত থেকে ছাত্রদলের কয়েক গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় একটি সিনেমা হলে অনুষ্ঠিত সর্বস্তরের নেতা-কর্মীদের সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। সমাবেশকে ঘিরে সকাল থেকে সভাস্থল ও শহরের বিভিন্ন মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।