জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে মানুষকে সচেতন করে তুলতে হবে

খুলনা অঞ্চলের সাংবাদিক এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু পরিবর্তন পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন, সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা মানুষকে সচেতন করে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। রবিবার খুলনা মহানগরীর একটি হোটেলে জার্মান দূতাবাসের সহযোগিতায় বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট কম্যুনিকেশন (সিডিসি) এবং রূপান্তর এ কর্মশালার আয়োজন করে। সিডিসি’র নির্বাহী পরিচালক ও টিভি ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক অরুণ কর্মকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠানের উদ্বোধন করেন জার্মান দূতাবাসের জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সুজিত চৌধুরী। সমাপনী বক্তৃতা করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের মধ্যে চালনা পৌর মেয়র ড. অচিন্ত্য কুমার মন্ডল, দাকোপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়ন্তী রাণী সরদার, চিতলমারি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাস, নড়াইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা রহমান কবিতা, প্রথম আলোর খুলনা প্রতিনিধি শেখ আবু হাসান, বাসস’র স্টাফ রিপোর্টার এস. এম. জাহিদ হোসেন, দৈনিক দিনকালের খুলনা প্রতিনিধি সোহরাব হোসেন, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী, মাছরাঙা টিভি’র সিনিয়র রিপোর্টার আবু হেনা মোস্তফা জামাল প্রমুখ বক্তৃতা করেন।