সঠিক নেতৃত্বের মাধ্যমেই সমাজ পরিবর্তন সম্ভব
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২০:৪০
‘বিশ্বব্যাপী সংযুক্ত-স্থানীয়ভাবে সম্পৃক্ত’ শ্লোগানে ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামাজিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনায় রাজশাহী পোস্টাল একাডেমীতে চারদিনব্যাপী ‘এ্যাকটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশিপ ট্রেনিং’ অনুষ্ঠিত হয়। ‘ব্রিটিশ কাউন্সিল’ ও ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশে’র সার্বিক সহযোগিতায় ইয়ূথ এন্ডিং হাঙ্গার রাজশাহী সিটি ইউনিট আয়োজিত উক্ত প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৮ জন ছাত্রীসহ মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের প্রথমদিনের আলোচনায় মানুষ হিসেবে নিজের পরিচয় ও নিজেদের সংস্কৃতি বোঝা এবং কীভাবে এগুলোর পরিবর্তন ঘটে তা নিয়ে অংশগ্রহণমূলক পদ্ধতিতে আলোচনা হয়। সেই সঙ্গে প্রত্যেক অংশগ্রহণকারী কীভাবে নিজেকে একজন সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলবেন, তার কৌশল-পদ্ধতি তুলে ধরাসহ সংবিধানের মৌলিক অধিকারগুলোর সঙ্গে পরিচয় করানো হয়। দেশের উন্নয়নে একজন সক্রিয় নাগরিকের কী করণীয় তাও উপস্থাপন করা হয়। স্থানীয় ও জাতীয় পর্যায়ে বাংলাদেশের ঐতিহাসিক এবং গৌরবময় অর্জনের বিভিন্ন দিক বিশ্লেষণসহ এগুলো ধরে রাখার ক্ষেত্রে একজন সচেতন মানুষের করণীয় নিয়ে অংশগ্রহণমূলক এক প্রাণবন্ত আলোচনা হয়। এছাড়া প্রশিক্ষণে কমিউনিটি তথা এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগণকে সংগঠিত করার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা প্রদান ও শিক্ষার্থীদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটানোর কায়দা হাতে কলমে শেখানো হয়।
সূত্র মতে, প্রশিক্ষণে কমিউনিটি সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিক মূল কার্যক্রম হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং মানব সম্পদ উন্নয়নকে বাছাই করে নেয় প্রশিক্ষণার্থীরা। তারা আগামী ১ বছরের মধ্যে স্বেচ্ছাব্রতী আন্দোলনের মধ্য দিয়ে রাজশাহী মহানগরীর ৫শ’ শিক্ষার্থীকে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে একটি করে ইংরেজি ভাষা ক্লাব গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জাকারুল ইসলাম, এরিয়া কো-অর্ডিনেটর সুব্রত কুমার পাল, ইয়ূথ মোবিলাইজেশন ইউনিটের কাজী রাবেয়া এমি, এ্যাকটিভ সিটিজেন ফ্যাসিলেটর আলিমুর রেজা রাজন, এ্যাকটিভ সিটিজেন লিডার মাসুম রাসেল।
গত ১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহম্মদ মিজান উদ্দিন অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেন। উক্ত ট্রেনিং কর্মসূচির মেন্টর ও রাজশাহী বিশ্বদ্যািলয়ের এনিমেল হাজব্রেন্ডি এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড মোঃ তারিকুল হাসান, সিনিয়র ভেটেনারি সার্জন ডাঃ মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ। প্রধান অতিথি রাবি উপাচার্য বলেন, প্রশিক্ষণ একজন মানুষের জীবনকে নতুন করে গড়ে তোলে। একজন শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করি। স্বেচ্ছাব্রতী আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং তা দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। স্বেচ্ছাব্রতী আন্দোলনের মাধ্যমেই তোমাদের দ্বারাই আমরা একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে পারব। আমাদের প্রয়োজন সঠিক নেতৃত্ব এবং যাদের মধ্যে দায়িত্ব গ্রহণের মানসিকতা আছে তারাই পারবে সমাজকে বদলাতে। এ্যাকটিভ সিটিজেনদের কার্যক্রম গ্রহণ এবং পরিচালনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতার ঘোষণাও দেন তিনি।