সারাদেশে ৫২ লাখ ২০ হাজার হেক্টরে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা

এক কোটি ২৮ লাখ ৪০ হাজার টন চাল উত্পাদন হবে

চলতি মৌসুমে (২০১৩-২০১৪) সারাদেশে ৫২ লাখ ২০ হাজার হেক্টরে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরেজমিন উইং এর মনিটরিং শাখার উপ-পরিচালক রফিকুল হাসান জানান, ২৬ আগষ্ট পর্যন্ত লক্ষ্যমাত্রার শতকরা ৮৩ ভাগ অর্জিত হয়েছে। অর্থাত্ ৪২ লাখ হেক্টরে রোপা আমনের চারা রোপণ শেষ হয়েছে। সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত চারা রোপণ চলবে। নাবি জাতগুলো কোন কোন চাষি সেপ্টেম্বরের শেষ পর্যন্ত লাগাবে বলে তিনি জানান। এবার রোপা আমনের উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি ২৮ লাখ ৪০ হাজার টন (চাল)। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী ঢাকা অঞ্চলের ৭ জেলায় এক লাখ ৯৪ হাজার ২শ’ ১৩ হেক্টরে, ময়মনসিংহ অঞ্চলের ৫ জেলায় ৬ লাখ ৫৭ হাজার ৮শ’ ১৯ হেক্টরে, কুমিল্লা অঞ্চলের ৩ জেলায় এক লাখ ৬৯ হাজার ৪শ’ ৬৫ হেক্টরে, সিলেট অঞ্চলের ৪ জেলায় ৩ লাখ ৭০ হাজার ৭শ’ ৬১ হেক্টরে, চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলায় ৫ লাখ ৪৩ হাজার ৬শ’ ৩১ হেক্টরে, রাঙ্গামাটি অঞ্চলের ৩ পাহাড়ি জেলায় ৪৭ হাজার ৮শ’ ৬৯ হেক্টরে, রাজশাহী অঞ্চলের ৮ জেলায় ৭ লাখ ২২ হাজার একশ’ ১৫ হেক্টরে, রংপুর অঞ্চলের ৮ জেলায় ১০ লাখ ২৪ হাজার ৩শ’ ৩৩ হেক্টরে, যশোর অঞ্চলের ১০ জেলায় ৬ লাখ ৭৫ হাজার ৯শ’ ৭৮ হেক্টরে এবং বরিশাল অঞ্চলের ১১ জেলায় ৮ লাখ ১৩ হাজার ৮শ’ ১৬ হেক্টরে রোপা আমন চাষ করা হবে। এবার রোপা আমন চাষের শুরুতে চাষিকে বৈরি আবহাওয়া মোকাবেলা করতে হয়। মে মাসে বীজতলা তৈরি সময়ে বৃষ্টিপাত স্বাভাবিক ছিল। এরপর জুন থেকে চারা রোপণ শুরু হলে বৃষ্টি টান দেয়। অবস্থাপন্ন চাষিরা সেচ দিয়ে জমি কাদা করে আমন চারা রোপণ শুরু করে। আর গরীব ও প্রান্তিক চাষিরা বৃষ্টির জন্য আকাশপানে চেয়ে অপেক্ষা করতে থাকে। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় খরা পরিস্থিতির সৃষ্টি হয়। রোপা আমন ক্ষেতগুলো ফেটে চৌচির হয়। চাষিকে ফসল রক্ষায় সেচ দিতে হয়। এতে উত্পাদন খরচ বেড়ে যাবে বলে তারা জানান। মধ্য আগষ্টের বৃষ্টি রোপা আমনের চারা রোপণের জন্য আশীর্বাদ বয়ে আনে। এ বৃষ্টির পানিতে অধিকাংশ চাষি রোপণ শেষ করেছে। যারা পাট ও আউশ ধান কেটে চাষ করবে তারা বাকি আছে। এখনও চারা রোপণ চলছে। গত অর্থ বছরে (২০১২-২০১৩) দেশে অনুকূল আবহাওয়ার কারণে বোরো চাষ কমলেও উত্পাদন বেড়েছে। এক কোটি ৮৭ লাখ ৭০ হাজার টন বোরো চাল উত্পাদন হয়েছে। তার আগের বছরে (২০১১-২০১২) এক কোটি ৮৭ লাখ ৫০ হাজার টন বোরো উত্পাদন হয়েছিল। গত অর্থ বছরে ১০ লাখ ৫৩ হাজার হেক্টরে আউশের চাষ হয়েছিল। আউশ উত্পাদনের পরিমাণ ছিল ২১ লাখ ৫৮ হাজার টন। আমন চাষ হয়েছিল (বোনা ও রোপা) ৫৬ লাখ ১০ হাজার হেক্টরে। আমনের উত্পাদন ছিল এক কোটি ২৮ লাখ ৪৭ হাজার টন। ২০১৩ সালের কৃষি ডাইরিতে বর্ণিত তথ্যে জানা যায়, ২০১১-২০১২ অর্থ বছরে ৩ কোটি ৩৯ লাখ ১৪ হাজার টন চাল উত্পাদন হয়েছিল।