মহারণের আরো কাছে নাদাল-ফেদেরার

ইউএস ওপেনে নিজেদের প্রথম মুখোমুখি লড়াইয়ের আরো কাছে পৌঁছে গেলেন পুরুষ এককের দুই ফেভারিট রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে গত বৃহস্পতিবার রাতে নিজ নিজ ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছেন দু’জনই। অন্যদিকে মহিলা এককের শেষ ষোলোতে পা রেখেছেন দুই শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা। সন্দেহাতীত ভাবেই এ যুগের তো বটেই, সর্বকালের সেরাদের কাতারেও থাকবে তাদের দু’জনের নাম। দু’জনে মিলে জিতেছেন মোট ২৯ টি গ্র্যান্ড স্ল্যাম। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এখন পর্যন্ত ৩১ বার পরস্পরের মুখোমুখি হলেও ফ্লাশিং মিডোতে কখনোই দেখা হয়নি তাদের। বিলি জিন কিং অ্যারেনায় সময়ের অন্যতম বড় সুপারস্টারের লড়াই দেখতে টেনিসপ্রেমীদের অপেক্ষা ফুরালো প্রায়। তৃতীয় রাউন্ডে দু’জন জিতলেই কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে পাওয়ার আর ধ্রূপদী টেনিসের সেই বিখ্যাত লড়াই। এর আগে দুই রাউন্ডে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে নিজেদের কাজটা ঠিকভাবেই পালন করেছেন দু’জনেই। দুই নম্বর বাছাই নাদাল আর্থার অ্যাশ স্টেডিয়ামে ব্রাজিলের রোজারিও দুতরা সিলভাকে ৬-২, ৬-১, ৬-০ গেমে উড়িয়ে দিতে সময় নিয়েছেন মাত্র ৯২ মিনিট। জয়ের পরে নিজের পারফরম্যান্সে সন্তোষই ঝরলো এই স্প্যানিয়ার্ডের কণ্ঠে, ‘আমার সার্ভগুলো ছিল নিখুঁত। শুরুতে কিছুটা ধীর থাকলেও সময় গড়ানোর সাথে সাথেই আমি নিজেকে মেলে ধরতে পেরেছি। তাছাড়া আমার মধ্যে যথেষ্ট আগ্রাসনও ছিল। নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’ এদিকে দ্বিতীয় রাউন্ডে রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন আর্জেন্টিনার কার্লোস বারলক। প্রায় দেড় ঘন্টার লড়াই শেষে ‘ফেড এক্সপ্রেস’ তাকে হারান ৬-৩, ৬-২, ৬-১ গেমে। ম্যাচ শেষে ফেদেরার বলেন, ‘এটা ছিল এমন একটি ম্যাচ যেখানে সরাসরি সেটে জিতে আমি নিজের আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিলাম। যেভাবে সবকিছু হয়েছে আমি তাতে খুশি।’ তবে নাদালের বিরুদ্ধে শেষ আটের সম্ভাব্য লড়াই নিয়ে এখনই ভাবতে চাইলেন না সুইস মাস্টার। বরং ম্যাচ ধরেই এগোতে চাইছেন তিনি, ‘আমার বিশ্বাস আমি সেখানে পৌঁছাতে পারবো। কিন্তু এখনই রাফাকে নিয়ে ভাবাটা বড় ভুলের জন্ম দিতে পারে। তবে কোন সন্দেহ নেই তার বিরুদ্ধে খেলতে আমি মুখিয়ে আছি।’ এই দু’জন ছাড়াও পুরুষ এককে জয় পেয়েছেন চতুর্থ বাছাই ডেভিড ফেরার ও অষ্টম বাছাই রিচার্ড গ্যাসকুয়েট। এদিকে দ্বিতীয় রাউন্ডে সহজ জয়ই পেয়েছেন সেরেনা। মহিলা এককের এক নম্বর এই আমেরিকান ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন র্যাঙ্কিংয়ে ৭৭ তম স্থানে থাকা গ্যালিনা ভস্কোবোয়েভাকে। আর দুই নম্বর বাছাই আজারেঙ্কার ৬-৩, ৬-১ গেমের জয়টি এসেছে কানাডার আলেক্সান্দ্রা ওজনিয়াকের বিরুদ্ধে। তবে ফেভারিটদের জয়ে হেরে গেছেন চতুর্থ বাছাই সারা এরানি। টুর্নামেন্টের গত আসরের সেমিফাইনালিস্ট এই ইতালিয়ানকে ৬-৩, ৬-১ গেমে পরাজিত করেন স্বদেশি ফ্লাভিয়া পেনেত্তা। অশ্রুসিক্ত বিদায়ের পর হতাশ এরানি বলেন, ‘এটি আসলেই মেনে নেয়া কঠিন। কোর্টে আমি সবসময়ই লড়তে চাই। তবে আজকের ম্যাচটাকে কোনভাবেই লড়াই বলা চলে না। আমি জানি না এটা কেন। তবে আজ সবকিছুই আমার কাছে কঠিন মনে হচ্ছিল।’