রাজশাহী বিএনপি

নাদিম-কামরুল এক মঞ্চে তিন বছর পর

অবশেষে এক মঞ্চে বসে রাজশাহী জেলা বিএনপির বর্ধিত সভা করলেন সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির। তবে বর্ধিত সভার আগে কামরুল মনিরের সমর্থকরা নগরীর একটি আবাসিক হোটেলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে তিন ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। উত্তেজনাকর পরিস্থিতিতে চলা ওই বৈঠকের মধ্যদিয়ে তিন বছর ধরে চলমান দলীয় কোন্দলের আপাতত অবসান ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। দলীয় সূত্র জানায়, আগামী ১৬ সেপ্টেম্বর রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিভাগীয় জনসভা উপলক্ষে গত বুধবার বিকালে নাদিম মোস্তফা এবং কামরুল মনির পৃথকভাবে বর্ধিত সভার আয়োজন করেন। উভয় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান অতিথি করে স্থানীয় একটি পত্রিকায় পাশাপাশি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এনিয়ে জেলা বিএনপির দুই গ্রুপের তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিষয়টি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পর্যন্ত গড়ায়। সূত্র জানায়, খালেদা জিয়ার নির্দেশে জেলা বিএনপির কোন্দল নিরসনের উদ্যোগ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সূত্র মতে, নজরুল ইসলাম খান নগরীর হোটেল নাইসে সকালে নাদিম মোস্তাফার সঙ্গে এবং দুপুরে কামরুল মনিরের সঙ্গে পৃথকভাবে একান্ত বৈঠক করেন। এরপর ওই হোটেলের সম্মেলন কক্ষে নাদিম ও কামরুলসহ জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন দলের কেন্দ্রীয় নেতারা। বৈঠকে নাদিম মোস্তফা সমর্থিত দলের পাঁচটি ইউনিটের সাধারণ সম্পাদকদের পুনর্বহালের শর্তে আপোষ রফা হয়। একই সঙ্গে স্থগিত করা হয় কামরুল মনিরের গ্রুপের বর্ধিত সভা। পরে কামরুল মনির ও তার গ্রুপের নেতাকর্মীরা নাদিম মোস্তফার ডাকা বর্ধিত সভায় যোগ দেন।