নেপালের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ‘ফাইনাল’ আজ
সোহেল সারোয়ার চঞ্চল কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:০২
বাংলাদেশ ও স্বাগতিক নেপালের মধ্যকার লড়াই দিয়ে কাঠমান্ডুতে আজ শনিবার শুরু হচ্ছে ৮ম সাফ চ্যাম্পিয়নশিপ। নেপাল ছাড়াও ভারত এবং পাকিস্তানকে নিয়ে কঠিন গ্রুপে পড়ায় বাংলাদেশের জন্য এ খেলাটি অনেকটাই ‘ফাইনালের’ মতো। যদিও দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় এ আসরটিকে সামনে রেখে গত কয়েক মাস সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের ফুটবলাররা। তাই ফুটবল অনুরাগীদের চোখ থাকবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া খেলাটির দিকে। বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে খেলাটি।
গত মার্চে এই দশরথে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাই পর্বে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি এখনও ভুলেননি নেপালের মার্কিন কোচ জ্যাক ষ্টিফেনস্কি। ভুলেননি দলের বর্তমান অধিনায়ক সাগর থাপা। তিনি অবশ্য এ খেলাটিকে প্রতিশোধ পালা বলতে রাজি হননি। তাছাড়া নেপাল এ পর্যন্ত যে ১৮বার বাংলাদেশের মুখোমুখি হয়েছে তাতে জয় পেয়েছে কেবল চারবার। বাংলাদেশ জিতেছে ১২ বার। দুটি খেলা ড্র হয়েছিল। তবে পরিসংখ্যান নিয়ে দুই দলের কেউ ভাবছেন না। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় খেলাই নেপালের বিরুদ্ধে।
এমনিতে এ গ্রুপটি চার দলের জন্যই এই গ্রুপটি মরণ ফাঁদ। যে কেউ বাদ পড়তে পারে। বাংলাদেশের কাছে দশরথে নেপালের বিরুদ্ধে খেলা প্রথম ফাইনালের মতো। কারণ এই ম্যাচে বাংলাদেশ শুধু নেপালকেই মোকাবিলা করবে না। খেলতে হবে দশরথের আঠারো হাজার দর্শকের বিরুদ্ধেও। নেপালের দর্শকরা অনেক বেশি উচ্ছৃঙ্খল। তারা কোনোভাবেই বাংলাদেশকে স্বাভাবিক খেলাটা খেলতে দেবে না। অতীত অভিজ্ঞতা থেকেই বলা যায় স্থানীয় দর্শকরা গ্যালারি থেকে রেফারি ও সহকারি রেফারিদের এমনভাবে বিরক্ত করে, যেন তারা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এ কারণে চ্যালেঞ্জ কাপে নেপাল বাংলাদেশের খেলা চলাকালীন রেফারি ১৫ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। একই কারণে আয়োজক নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে পাঁচ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছিল।
তারপরও এসবকে ভয় পাচ্ছেন না বাংলাদেশের এমিলি, জাহিদ, বিপ্লব, মামুনুল ইসলাম সোহেলরা। এসব প্রতিকূলতাকে মাথায় নিয়েই তারা স্বাগতিকদের মোকাবিলা করতে চান বলে জানিয়েছেন। নেপালী ফুটবল দর্শকদের দমিয়ে দেয়ার কায়দাটা ভালোই জানা আছে বাংলাদেশের ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফের। গোলের মাধ্যমেই সেই জবাব দিতে চান তিনি। নেপালের মার্কিন কোচ বলেছেন, সমর্থকরা তার দলের জন্য প্রেরণা। ২০ দিনের অনুশীলন করে তারা মাঠে নামছে আজ। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে আজ নিজেদের নতুনভাবে তুলে ধরবেন। অপরদিকে অধিনায়ক সাগর থাপা বলেছেন,‘আমরা যদি চ্যাম্পিয়ন হতে চাই তাহলে বাংলাদেশের বিরুদ্ধে আজ জিততে হবে।’
বাংলাদেশকে সেমিফাইনালের পথ খুলতে হলে নেপালকে হারিয়ে এগিয়ে থাকতে হবে। কেননা পরের ম্যাচেই পাবে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে। এরপর পাকিস্তান। নেপাল এবং বাংলাদেশ অনুশীলন করেছে গোপনীয়তা বজায় রেখে। নেপালী কোনো সাংবাদিক যেন বাংলাদেশের অনুশীলন ভিডিও করতে না পারে সে জন্য গতকাল সকালে পুলিশ গ্রাউন্ডে ক্রুইফের নিষেধাজ্ঞা বলবত্ ছিল। মনে হচ্ছে ক্রুইফ সব কিছুতেই নেপালী মিডিয়া থেকে নিজেদের আড়ালে রাখছেন। গতকাল সংবাদ মাধ্যমকে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ভারত, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ অনেক এগিয়ে। ভুটান, শ্রীলংকার উপরে আছে বাংলাদেশ। ক্রুইফ নেপালী সাংবাদিকদের জানিয়েছেন মাত্র দুই বছর আগে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এতো স্বল্প সময়ের মধ্যে কিভাবে ফেভারিট ভাবা যায়।
বাংলাদেশ দলে ইনজুরি থাকলেও সেরা একাদশ বাছার সুযোগ আছে বলে দাবি করেন ক্রুইফ। অধিনায়ক মামুনুল ইসলাম খেলতে পারবেন কিনা তা নিশ্চিত করেননি তিনি। মামুন নিজেকে ৮০ ভাগ ফিট মনে করলেও কোচ বলছেন, ‘আমি একশ’ ভাগ ফিট খেলোয়াড় চাই। সেই সাথে তাকে মানসিকভাবেও শতভাগ ফিট হতে হবে।’ মামুনুল ছাড়া মাঝমাঠের শক্তি একবারেই দুর্বল এটা জানেন ক্রুইফ। তারপরও তিনি মত দেন সেরা একাদশ গড়ার মতো খেলোয়াড় তার হাতে আছে। মামুনুল খেলতে না পারলে কে নেতৃত্ব দেবেন জানতে চাইলে কোচ বলেন, এই দায়িত্বটি পালনের জন্য একাধিক ফুটবলার আছেন। ক্রুইফের শেষ কথা হচ্ছে ফাইনালে যেতে হলে সব ম্যাচ জিততে হবে। এ কারণে নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। কোচ যেভাবেই এগিয়ে যেতে চান না কেন, বাংলাদেশের ফুটবলামোদীরা চায় সাফল্য।
সাফ চ্যাম্পিয়নশিপের ফিকশ্চার ২০১৩
৩১ আগস্ট বাংলাদেশ ঃ নেপাল ৬টা ৪৫
১ সেপ্টেম্বর ভারত ঃ পাকিস্তান ৬টা ৪৫
২ সেপ্টেম্বর আফগানিস্তান ঃ ভুটান ৩টা ৪৫
মালদ্বীপ ঃ শ্রীলংকা ৬টা ৪৫
৩ সেপ্টেম্বর বাংলাদেশ ঃ ভারত ৩টা ৪৫
পাকিস্তান ঃ নেপাল ৬টা ৪৫
৪ সেপ্টেম্বর শ্রীলংকা ঃ আফগানিস্তান ৩টা ৪৫
ভুটান ঃ মালদ্বীপ ৬টা ৪৫
৫ সেপ্টেম্বর ভারত ঃ নেপাল ৩টা ৪৫
বাংলাদেশ ঃ পাকিস্তান ৩টা ৪৫
৬ সেপ্টেম্বর আফগানিস্তান ঃ মালদ্বীপ ৩টা ৪৫
শ্রীলংকা ঃ ভুটান ৩টা ৪৫
৭ সেপ্টেম্বর বিশ্রাম
৮ সেপ্টেম্ববর প্রথম সেমিফাইনাল ৬টা ৪৫
৯ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ৬টা ৪৫
১০ সেপ্টেম্বর বিশ্রাম
১১ সেপ্টেম্বর ফাইনাল ৬টা ৪৫
(বাংলাদেশ সময় দেয়া হয়েছে)
এ গ্রুপ
ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান।
বি গ্রুপ
আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, ভুটান।