হকিতে এবার সপ্তম স্থানের জন্য লড়াই
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:০৩
বাংলাদেশ জাতীয় হকি দলের আরেকটি হার। মালয়েশিয়ায় চলমান এশিয়া কাপ হকিতে প্রথম তিন ম্যাচে ২২ গোল হজম করার পর গতকাল শুক্রবার বাংলাদেশের জালে জাপান দিলো তিন গোল। গোল ব্যবধান কম হলেও তাতে পরাজয়ের গ্লানি কমার কোন কারণ নেই। এই হার দিয়েই আট দলের এশিয়া কাপ হকিতে এখন বাংলাদেশ ভুগছে সর্বশেষ স্থান পাওয়ার শঙ্কায়। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
গতকাল জাপানের হয়ে দুটি গোল করেন তোশিও তাচিবানা। অপর গোলটি করেন কোজি কাউকাওয়া। জয়ের ফলে টুর্নামেন্টে জাপান ষষ্ঠ স্থান নিশ্চিত করলো।
অন্যদিকে একই দিনে চাইনিজ তাইপেকে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে ওমানও। আজ পঞ্চম স্থানের জন্য লড়বে ওমান ও জাপান। আর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।