সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হারারে স্পোর্টস ক্লাবে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে অপ্রত্যাশিত হারের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৯০ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায়। সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে পাকিস্তানকে ভাবতে হচ্ছে তাদের ব্যাটিং নিয়ে। মোহাম্মদ হাফিজ এবং মিসবাহ-উল হকের মতো হাতে গোনা দু-একজন ছাড়া বাকি মিডল অর্ডার ব্যাটসম্যানরা তেমন একটা রান পাচ্ছেন না। আর পাকিস্তানের বিপক্ষে প্রথম থেকেই জিম্বাবুয়ের ক্রিকেটাররা যেভাবে খেলছে তাতে জায়ের আশা তারা করতেই পারে। এই ম্যাচে জিতলে দীর্ঘ দিনের বড়ো কোনো দলের বিপক্ষে সিরিজ জয়ের অতৃপ্ত বাসনা পুরণ হবে জিম্বাবুয়ের। জয়ের জন্য জিম্বাবুয়ে তাদের সাধ্য মতো চেষ্টা করবে বলে ক্রিকইনফোকে বলেছেন অধিনায়ক ব্রেনডন টেইলর। তবে শেষ ম্যাচে হারলেও এই ধরনের দলীয় পারফরম্যান্স পাকিস্তানের বিপক্ষের টেস্টে তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জিম্বাবুয়ে দলে একটি পরিবর্তন আসতে পারে। টিমিসেন মারুমার বদলে মাঠে নামতে পারেন পাকিস্তানি বংশোদভুত সিকান্দার রাজা। পাকিস্তান দলে কোনো পরিবর্তন আসছে না।