ডিআরইউতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তথ্য অধিকার আইন সম্পর্কে সম্যক ধারণা লাভের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের ধারা অব্যাহত রাখা গেলে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আর গণমাধ্যম সমাজের সকল পর্যায়ের মানুষকে তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন করতে পারে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথা বলেন। তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা ও প্রেক্ষাপট বিষয়ে মূল বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান ও তথ্য কমিশনের সাবেক সচিব নেপাল চন্দ্র সরকার। ডিআরইউ’র প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কার্যনির্বাহী সদস্য মুরসালিন নোমানী ও প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য মাহফুজা জেসমিন বক্তব্য রাখেন। -প্রেস বিজ্ঞপ্তি