তারাকান্দি-ভুয়াপুর সড়ক ভাঙনের হুমকিতে
হালিম দুলাল, জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:২৯
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় যমুনার ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ তারকান্দি-ভুয়াপুর সড়ক। কয়েক দফা ভাঙ্গনে সরিষাবাড়ির ৪টি গ্রামের সিংহভাগ এলাকা ইতোমধ্যে বিলীন হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে ওইসব এলাকার প্রায় ৩ শতাধিক পরিবার। জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)ভাঙ্গন ঠেকাতে সম্প্রতি কিছু বালির বস্তা ড্যাম্পিং করলেও স্থায়ী উদ্যোগ না নেয়ায় ফের ভাঙ্গন আতঙ্কে পড়েছে চার গ্রামের মানুষ। এ ব্যাপারে পিংনা ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার প্রক্রিয়ায় বিলম্বের কারণে ফের ভাঙ্গনের কবলে পড়ছে ৪ গ্রামের অবশিষ্টাংশসহ তারাকান্দি-ভুয়াপুর সড়ক। যমুনা ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে এই এলাকার মানুষের সহায়-সম্পদ এবং উত্তরবঙ্গের সার পরিবহনের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশলী জানান, সরিষাবাড়ি উপজেলার ৪টি গ্রামসহ তারাকান্দি-ভূয়াপুর সড়ক রক্ষার জন্য প্রায় ৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সাপেক্ষ সাড়ে ১২শ’ মিটার এলাকা ড্যাম্পিং-এর একটি দরপত্র আহবান করা হয়েছে।