কাউনিয়ায় কাজের অভাব শ্রমিকরা বিপাকে

উপজেলার হারাগাছ পৌরসভাসহ ছয়টি ইউনিয়নের ৮৩টি গ্রামে এখন কর্ম সংকট চলছে। কৃষি শ্রমিকরা বেকার হয়ে পড়ায় তারা কাজের সন্ধানে হন্যে হয়ে ছুটছে এ গ্রাম থেকে ও গ্রামে। কোথাও কাজকর্ম না থাকায় পরিবার-পরিজন নিয়ে তাদের অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের চরচতুরা, ধুমগাড়া, মায়াবাজারচর, বাংলাবাজারচর, চরগুচ্ছগ্রাম, দালাল হাটখোলারচর, পল্লীমারীরচর, নাজিরদহরচর, জিগাবড়ীরচর, গোপীডাঙ্গারচর, হয়বত্খাঁরচরের গ্রামগুলোতে এ চিত্র ভয়াবহ আকারে দেখা দিয়েছে। চরাঞ্চলের কৃষি শ্রমিকদের নিজস্ব কোন ফসলি জমি-জমা না থাকায় অন্যের বাড়িতে শ্রম বিক্রি ছাড়া কোন পথ খোলা থাকে না। ওরা জানায়, বছরের এ সময়টায় মাঠে কাজ থাকে না। সরকারের ৪০ দিন বা ১০০ দিনের কর্মসূচির কাজ এখনও শুরু হয়নি। তারা অভিযোগ করে জানায়, যখন হাতে কাজ থাকে না তখন সরকারের কোন কর্মসূচিও থাকে না। আবার ধান কাটা শুরু হলে তখনই শুরু হবে সরকারের মঙ্গা নিরসনে নানা কর্মসূচি।