ভোলার প্লাবিত ৪ ইউনিয়নের রাস্তা বিধ্বস্ত
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩২
গত পনের দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির চাপে ভোলা সদর উপজেলার মেঘনা পাড়ের পূর্ব ইলিশা, ধনিয়া, কাচিয়া ও বাপ্তা ইউনিয়ন প্লাবিত হয়ে বাড়ি-ঘর,ফসলি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। এলাকার প্রতিটি রাস্তা ভেঙ্গে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে প্রধান সড়ক থেকে গ্রামাভ্যন্তরে প্রবেশ করতে পারছে না রিকসা, ভ্যান কিংবা অন্য কোন যানবাহন। ফলে, মুদি দোকানগুলো রয়েছে বন্ধ। এ সমস্ত দোকান থেকে চাল, ডাল, আটা, লবণ, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে না পেরে গ্রামের দরিদ্র লোকদের এখন ছুটতে হচ্ছে শহরে। এতে ব্যয় বৃদ্ধির পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তার পরিমাণ প্রায় ৭০ কিঃ মিটার বলে জানিয়েছেন সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ ফোরকান শিকদার। পূর্ব ইলিশা ইউনিয়নের সদস্য ইকবাল হাওলাদার জানান, দ্রুত রাস্তা মেরামত না করলে মানুষের ভোগান্তির শেষ থাকবে না।