রাজীবপুরে খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৩
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ পরিষদের জনপ্রিয় নির্বাচিত মেম্বার আবুল কাশেম (৫০) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোহনগঞ্জ ইউনিয়নের সহস্রাধিক এলাকাবাসী বিক্ষোভ মিছিলসহ প্রায় ৮ কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা শহরে সমাবেশ করেছে। এর আগেও মোহনগঞ্জ বাজারে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসীর দাবি খুনীদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দড়িতে ঝুলানো হোক।
উপজেলা চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন, রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, আ’লীগ নেতা মুরাদ লতিফ, মোহনগঞ্জ এলাকাবাসী আজিজুল হক, আবুল কাশেম ও ফজলুল হক। উল্লেখ্য যে, গত ১৮ আগস্ট দিবাগত রাতে রাজীবপুর থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আবুল কাশেমের মাথায় গুলি করে হত্যা করা হয়। এতে নিহতের বড় ভাই আব্দুল আজিজ ওরফে অভিচান বাদি হয়ে দেওয়ানগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে। এতে প্রধান আসামি করা হয় একই পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুকে। ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা দেওয়ানগঞ্জ থানার এসআই নয়ন দাস জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।