মির্জাপুরে বিদ্যালয় রক্ষার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এ জে বহুমুখী উচ্চ বিদ্যালয় রক্ষার দাবিতে গত বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী ও স্থানীয় লোকজন অংশ নেয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন চলে। এ সময় মহাসড়কের ঐ এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামছুল আলম মিয়া অভিযোগ করেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেইনে উন্নীত করার নামে কে এম সি, স্মেক, এডিবি এবং সড়ক ও জনপথ বিভাগ নিয়ম বহির্ভূতভাবে দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়টির দুটি দু’তলা ভবন খেলার মাঠসহ বিদ্যালয়ের অর্ধেক অংশ সড়ক ও জনপদ নেয়ার জন্য তাদের চিঠি দিয়েছে। ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।