গাইবান্ধায় ছিনতাইকারীর হাতে কলেজ ছাত্র নিহত

গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম-সংলগ্ন শচীন চাকী (আদর্শ কলেজ রোড) সড়কে বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীদের মারপিটে কামরুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত কামরুল গাইবান্ধা আদর্শ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও ফুলছড়ি উপজেলার এরন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের ইউসুফ আলী মন্ডল মাস্টারের ছেলে। এর প্রতিবাদে গাইবান্ধা আদর্শ কলেজের শিক্ষার্থীরা গাইবান্ধা-পলাশবাড়ী-সাদুল্লাপুর সড়কের শহরের ২ নং রেলগেট এলাকায় অবস্থান নিয়ে রাত ১০টা থেকে আধঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে ছিনতাইকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। আদর্শ কলেজ-সংলগ্ন এলাকায় তার চাচার বাড়ি থেকে রাতে এক বন্ধুসহ শহরের খানকা শরীফ এলাকায় মেস বাড়িতে ফেরার পথে কয়েকজন অজ্ঞাত ছিনতাইকারী তাদের পথরোধ করে। টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে বেদম মারপিট করে রেললাইনের উপর ফেলে রেখে যায়। পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এনিয়ে বোনারপাড়া রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।