জলদস্যু আতঙ্কে মেঘনার ইলিশ শিকারীরা

দেশের অন্যতম প্রধান ইলিশ প্রজনন কেন্দ্র চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল, ছটাকী, মোহনপুর, এখলাছপুর, আমিরাবাদে প্রতিবছর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এ বছর ইলিশের তেমন দেখা নেই। ভরা মৌসুমে কিছু ইলিশ ধরা পড়লেও জলদস্যুদের ভয়ে জেলেরা মাছ শিকারে যেতে পারছে না। এখানকার আড়ত্গুলো এখন প্রায় ইলিশ শূন্য। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মতলব উত্তরের মাছ ব্যবসায়ী ও জেলেরা। ষাটনল মালোপাড়ার জেলে বর্মন বলেন, ‘নদীতে গেলে আমাগো নৌকা, জালসহ সব কিছু নিয়ে যায়। এখন মাছ পড়ছে, কিন্তু জলদস্যুদের ভয়ে ধরতে যেতে পারছি না। বোরোচরের জেলে খোর্শেদ জানান, ‘জলদস্যুগো লইগ্যা আমরা জাল বাইতে পারি না। মাইর-ধইর কইরা আমগো ট্রলার লইয়া যায়। কার্ত্তিক বলেন, আমরা এখন নদীতে যাইতে পারি না ডাকাইতের ভয়ে। ইলিশ ধরতে না পারায় জেলেরা মহাজনের ধার-দেনা পরিশোধ এবং সংসার চালানো গিয়ে দিশেহারা।