সুন্দরগঞ্জে পরীক্ষার ফল না পাওয়ায় অধ্যক্ষের কক্ষে তালা

উপজেলার ডি ডব্লিউ ডিগ্রী কলেজের ৪৮ জন বিএ প্রথমবর্ষের পরীক্ষার্থী বৃহস্পতিবার তাদের পরীক্ষার ফলাফল না পাওয়ায় বিক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। জানা গেছে, গত জুনে জাতীয় বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার ফলাফল প্রকাশ করলেও উক্ত কলেজের ৪৮ জন পরীক্ষার্থী তাদের ফলাফল জানতে পারেনি। পরীক্ষার্থীরা অধ্যক্ষের নিকট ফলাফল প্রকাশ না হওয়ার কারণ জানতে চাইলে তিনি গড়িমসি শুরু করেন। ইতোপূর্বে এ নিয়ে পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করাসহ মানববন্ধন করলেও অধ্যক্ষ তাদের সন্তোষজনক কিছু বলতে পারেননি। এদিকে আবারও ডিগ্রী পরীক্ষার ফরম পূরণ শুরু হলে ৪৮ জন পরীক্ষার্থী তাদের ভাগ্য অনিশ্চিত ভেবে বৃহস্পতিবার অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে।