সাতকানিয়ায় শোক দিবসের আলোচনা সভা
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৮
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার চিরতরে বন্ধ করে দেয়ার জন্য দেশে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। অথচ দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে বিচার দাবী করার। সেই দাবীকে গলাটিপে হত্যা করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানকে কলংকিত করেছিলেন।
তিনি গতকাল শুক্রবার সাতকানিয়া উপজেলার পরশমণি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, নূরুল আবছার চৌধুরী, গোলাম ফারুক ডলার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জোবায়ের, যুবলীগ নেতা নজরুল ইসলাম সিকদার, উপজেলা যুবলীগ সভাপতি এ কে এম আসাদ, সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ বক্তব্য রাখেন।