বগুড়ায় বিকাশ এজেন্টের লক্ষাধিক টাকা গচ্ছা

মুঠোফোনে ভুয়া ক্ষুদে বার্তা (ম্যাসেজ) দিয়ে কয়েকটি বিকাশ এজেন্টের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। জেলার দুপচাঁচিয়া উপজেলায় গত কয়েকদিনে এ ধরনের অভিনব কায়দায় টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন এজেন্টরা। ফলে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করা নিয়ে গ্রাহক ও এজেন্টরা পড়েছেন দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে। জানা গেছে, উপজেলা সদরের তমা ইন্টারন্যাশনাল, আলম মোবাইল হাউজ, এস এম পত্রিকা ঘর, জিয়ানগরের খলিশ্বর বাজারের গোলাম মোস্তফাসহ কয়েকটি বিকাশ এজেন্টের মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল করে বলা হয় আপনার একাউন্টে টাকা পাঠালাম। আমার লোক এসে টাকা নিয়ে যাবে। এরপর বিকাশের মত অবিকল ম্যাসেজে ওই এজেন্টের মুঠোফোনে টাকার পরিমাণ আসে। ক্ষুদে বার্তা মোতাবেক ওই লোকের প্রতিনিধি এসে পরিচয় দিয়ে টাকা তুলে নেয়। পরে ওই এজেন্ট তার ব্যালান্স চেক করে দেখে একাউন্টে বার্তার কোনো টাকা আসেনি। এভাবে গত কয়েকদিনে বিভিন্ন বিকাশ এজেন্টের মালিকরা এক লাখ ত্রিশ হাজার টাকা খুইয়েছেন। বিকাশ এজেন্ট মাসুদ রানা বলেন, ম্যাসেজ দেখে বোঝার উপায় নেই, এটি ভুয়া ম্যাসেজ। ব্যালান্স চেক না করে এভাবে টাকা দিতে গিয়ে অনেক এজেন্ট প্রতারণার শিকার হয়েছেন। বিকাশের টেরিটরি ব্যবস্থাপক (টিএম) আবু নাছের বলেন, আমরা এজেন্ট দেয়ার সময় প্রশিক্ষণ দিয়ে এসব ব্যাপারে সতর্কতা করেছি। প্রতি মাসে এজেন্টদের লিখিত নির্দেশনায় এসব বলা হয়। তারপরও কেউ প্রতারণার শিকার হলে আমাদের করার কিছু নেই।