বিভিন্নস্থানে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু

দেশের বিভিন্নস্থানে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত বৃহস্পতিবার পানিতে ডুবে বাইতুল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নানাবাড়িতে বেড়াতে গিয়ে তিতাস নদীতে ডুবে সে মারা যায়। আশংকাজনক অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারার মাদ্রাসার সামনের পুকুরে ডুবে গত বৃহস্পতিবার উজির (১০) নামে এক বালকের মৃত্যু হয়েছে। সে ভ্যানচালক বারেকের ছেলে। পাটগ্রাম (লালমনিরহাট) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতায় গত বৃহস্পতিবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো: দিনমজুর সেজাবউদ্দিনের মেয়ে মারুফা আক্তার শারমিন (৬) ও প্রতিবেশী ভ্যানচালক হবিবর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার (৪)। নেত্রকোনা নেত্রকোনার কেন্দুয়া উপজেলা দলপায় গতকাল শুক্রবার দুপুরে ইয়াসিন (৫) নামের এক শিশু পুকুরে পানিতে ডুবে মারা গেছে। সে রামনগর গ্রামের আবুল কায়েসের পুত্র। মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার হলদিয়া গ্রামে গতকাল শুক্রবার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সেতু আক্তার (১১) পানিতে ডুবে মারা গেছে। ঢাকার শনিরআখড়ার শাহ আলম মোল্লার বড় মেয়ের বিয়েতে এসে ছোট মেয়ে সেতু মারা যায়। দশমিনা (পটুয়াখালী) পটুয়াখালীর দশমিনা উপজেলায় গতকাল শুক্রবার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহতরা হলো-উপজেলার মাছুয়াখালী গ্রামের মোঃ মজিবরের মেয়ে আকলিমা (৬) ও কানাইচন্দ্র শীলের মেয়ে কনা (৬)। পুকুর থেকে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিত্সক তাদেরকে মৃত ঘোষণা করে। যশোর যশোরের চাঁচড়া বাবলাতলায় গতকাল শুক্রবার বিকালে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো রাসেল (৬) ও বাবু (৭)। তারা মিন্টু মিয়ার ছেলে। বাবলাতলায় হ্যাচারির একটি পুকুরে গোসল করতে গিয়ে তারা ডুবে মারা যায়।