রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে :মজীনা

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। আর এ রাজনৈতিক অস্থিরতার জন্য সংখ্যালঘুরা ঝুঁকিতে রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মজীনা বলেন, বাংলাদেশ একটি সহিষ্ণু ধর্মনিরপেক্ষ দেশ। এখানে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি দীর্ঘদিনের। মাঝে-মাঝে কিছু উগ্রবাদী মানুষ সম্প্রীতির এই ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করে। ধর্মীয় মত পার্থক্যের কারণে নয় বরং অসত্ রাজনৈতিক সুবিধাভোগী ও লোভী ভূমিদস্যুরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করে। তারা সংখ্যালঘুদের নির্যাতন, সম্পদ দখল করে আরো শক্তিশালী হতে চায়। সম্প্রীতি নষ্টকারী ওইসব ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর হামলা, গত ফেব্রুয়ারিতে সাতক্ষীরা, দিনাজপুর, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সকলেই শান্তি চাই। আমরা চাই আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য একটি শান্তির পৃথিবী। কিছু খারাপ মানুষ আমাদের শান্তি ও সম্প্রীতিতে বাধা সৃষ্টি করে। এ সময় তিনি সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতি সরকারের কঠোর অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, আমি এ দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করেছি। এটি একটি সমৃদ্ধ সংস্কৃতির দেশ। এখানকার মানুষের মধ্যেকার সম্প্রীতি ও সৌহার্দ্যই বাংলাদেশের সৌন্দর্য। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত আলোচনা সভায় বাসুদেব ধরের সভাপতিত্বে বক্তৃতা করেন মনীন্দ্র কুমার নাথ, আময়ানন্দজী মহারাজ, ড. প্রণব বড়ুয়া, নির্মল কুমার চ্যাটার্জী, প্রদীপ চক্রবর্তী, কানুতোষ মজুমদার, ধীমান দাস প্রমুখ।