তত্ত্বাবধায়ক থাকলে আওয়ামী লীগের সবার জামানত বাজেয়াপ্ত হবে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তিন-তিনটি নির্বাচন করে তারা এখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চায়। তারা জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তাই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে। জেলা সদরে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় গতকাল শুক্রবার বিকালে জেলা বিএনপির সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের আমলেই উদীচীর অনুষ্ঠান, রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে জঙ্গীবাদের ঘটনা ঘটেছে। বিএনপি জঙ্গীবাদে বিশ্বাস করে না। প্রহসনের মাধ্যমে সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। তবে তা হতে হবে নিরপেক্ষভাবে। পরিকল্পিতভাবে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরো বলেন, সরকার বিভিন্ন আঙ্গিকে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। এটা গণতন্ত্র হতে পারে না। সভায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য দেন—কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।