পাঁচ স্থান থেকে পাঁচ লাশ উদ্ধার
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৬
মধুখালী বাজারের ব্যবসায়ী মৃত্যঞ্জয় সাহা পিনু (৩০) নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর গতকাল শুক্রবার চন্দনা নদীর তীরবর্তী শ্মশান ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে মৃত্যঞ্জয় চন্দনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা সারাদিন চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
ডিমলায় কিশোরীর লাশ উদ্ধার
নীলফামারী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পরদিন এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌসুমী (১৫) নামের ঐ কিশোরীর লাশ গতকাল শুক্রবার বাড়ির অদূরের কাশবন থেকে উদ্ধার করা হয়। মির্জাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মির্জাপুর উপজেলার গোড়াইল চরপাড়া মোড় রাস্তার পাশ থেকে শুক্রবার পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে। তার পরনে লুঙ্গি, ফুল শার্ট এবং মুখে দাঁড়ি রয়েছে।
আশুলিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
আমাদের স্টাফ রিপোর্টার জানান, আশুলিয়ার আমতলা মহল্লার একটি ভাড়াবাসা থেকে শুক্রবার সকালে শ্বাসরোধে হত্যা করা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে আশুলিয়ার কুরগাঁও এলাকার আমতলা মহল্লায় এই হত্যার ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সিংড়ায় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় শুক্রবার রকিবুল ইসলাম (৩৫) নামের রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। রকিবুল সদর উপজেলার সুলতানপুর গ্রামের ওমর আলীর ছেলে। নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল দশমাইল এলাকার তেলিগ্রাম বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।