ভাঙছে কুয়াকাটা সৈকত
মোহসীন পারভেজ, কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৭
সাগরের অব্যাহত ভাঙনে কুয়াকাটা সমুদ্র সৈকত এখন বিপর্যস্ত। সৈকতের বিভিন্ন দর্শনীয় স্থান সাগরে বিলীন হয়ে গেছে। বলা যেতে পারে, কুয়াকাটার চেনা চেহারাটাই পাল্টে গেছে।
কলাপাড়া উপজেলার বঙ্গোপসাগর লাগোয়া সমুদ্র সৈকত কুয়াকাটা। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ থাকায় সব ঋতুতেই দেশি-বিদেশি হাজার হাজার পর্যটকের পদভারে মুখরিত থাকে এ সৈকত।
সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব-পশ্চিমে মাইলের পর মাইল ধ্বংস হয়ে গেছে। হারিয়ে গেছে সারি সারি নারিকেল গাছ, ঝাউ বন, তালবাগানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। অস্বাভাবিক জোয়ারে কুয়াকাটার জাতীয় উদ্যানের কয়েকশ’ ঝাউ গাছ সৈকতে উপড়ে আছে। স্থানীয় কিছু লোক হেলে পড়া গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। দেখার কেউ নেই।
অব্যাহত ভাঙ্গনের কারণে প্রতি বছরই সৈকতের বিপণি-বিতানগুলো পিছিয়ে আনতে বাধ্য হচ্ছে মালিকরা। জোয়ারের সময় পর্যটকরা সৈকতের বেলাভূমিতে নামতে পারছে না। পরিস্থিতি দেখে স্থানীয়রা মনে করছেন অবিলম্বে ভাঙন ঠেকানোর ব্যবস্থা না নিলে আগামী দুই-তিন বছরের মধ্যে কুয়াকাটা সৈকত বেড়িবাঁধ পর্যন্ত বিলীন হয়ে যাবে। সৈকতের এই দুর্দশা সম্পর্কে কথা প্রসঙ্গে সাতক্ষীরা থেকে বেড়াতে আসা খালিদ-কনা দম্পতি বললেন, প্রতি বছরই কুয়াকাটায় বেড়াতে আসি। গত বছরের কুয়াকাটা ও আজকের কুয়াকাটা সৈকতের মধ্যে মিল খুঁজে পাচ্ছি না। সৈকতের ভাঙ্গন দেখে অনেক কষ্ট লাগছে।