প্রসঙ্গ :সৃজনশীল প্রশ্ন পদ্ধতি

সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে ভালোফলাফল অর্জনে শিক্ষার্থীদের করণীয়

প্রিয় শিক্ষার্থীরা, এখন অধিকাংশ বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে গৃহীত হচ্ছে। এ সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তনের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে — প্রতিটি বিষয়/পত্রের পাঠ্য বইয়ের সকল অধ্যায়/পরিচ্ছেদ থেকে প্রশ্ন করা। সেজন্য যে কোন বিষয়ের পরীক্ষায় সব কয়টি প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাদেরকে ঐ বিষয়ের পাঠ্য বইয়ের সকল অধ্যায় সমান গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে হবে। গত বছর পাঠ্য বইয়ের যে অংশ বা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন হয়েছে, এ বছর ঐটা থেকে প্রশ্ন হবে না— এমন ধারণা করা ঠিক নয়। তোমরা লক্ষ্য করে থাকবে ২০১০ থেকে শুরু করে এ পর্যন্ত বাংলা-প্রথমপত্র, ধর্ম শিক্ষা বিষয়ে জেএসসি এবং এসএসসি পরীক্ষার প্রশ্নমালায় কোন প্রশ্ন কমন পাবে না। অর্থাত্ কোন একটি প্রশ্ন একবার পরীক্ষায় আসলে পরবর্তীতে ঐ প্রশ্ন আর করা হয় না। একইভাবে গাইড ও নোট বইয়ের প্রশ্নের উত্তর মুখস্ত করেও তুমি পরীক্ষার হলে কোন প্রশ্নের উত্তর লিখতে পারবে না। এমন বাস্তবতায় তোমাদের করণীয় হচ্ছে প্রতিটি বিষয়ের পাঠ্যবইয়ের সব কয়টি অধ্যায়ের পাঠ্যবস্তু সমান গুরুত্ব দিয়ে অধ্যয়ন করা। তোমাদের আবারও স্মরণ করে দিতে চাই পূর্বের বছরের পরীক্ষায় কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হলেও এবছর ঐ অধ্যায় থেকে সম্পূর্ণ নতুন আরেকটি প্রশ্ন হতে পারে। তোমাদের বোঝার সুবিধার্থে আগামীকাল থেকে ধারাবাহিকভাবে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা সৃজনশীল প্রশ্ন উপস্থাপন এবং তা নিয়ে আলোচনা করা হবে। আগামীকাল বিষয়ভিত্তিক আলোচনা অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো জিজ্ঞাসা, পরামর্শ,মতামত জানাতে ফোন করুন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ইমেইল anushilon.ittefaq10@gmail.com