কলাকৌশল জেনেই চলচ্চিত্রে এসেছি : অপু বিশ্বাস

অনেকদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল শাকিব বিহীন অপু বিশ্বাসের চলচ্চিত্র যাত্রা বুঝি ধমকে গেল। অবশেষে আবারও নিজেদের ক্যারিয়ারের শীর্ষ লড়াইয়ে টিকে থাকতেই অপু বিশ্বাস কাজের ছন্দেই ফিরলেন। আর এই দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাস নিজের মেদ কমিয়ে একেবারে শুকিয়ে নতুন গেটআপে আসছেন প্রতিটা ছবিতে। অপুর কথায়, ‘যে যাই বলুক, খুব অল্প সময়ে এতগুলো হিট চলচ্চিত্রের রেকর্ড আমার ছাড়া আর কারও নেই। এখন এ নিয়ে ঈর্ষান্বিত হয়ে অনেকেই ভেবেছিলেন যে অপু বিশ্বাসকে তার পথ থেকে সরিয়ে নিলেই নিজের শ্রেষ্ঠত্ব বুঝি প্রমাণিত হয়ে যায়। কিন্তু সেই ধারণাকে আমি ভুল প্রমাণ করে দিয়েছি। অভিনয়, নাচসহ চলচ্চিত্রের কলাকৌশল জেনেই তবে এই শোবিজে এসেছি। তাই আত্মবিশ্বাসটা কিঞ্চিত হলেও বেশি।’ তাই অপু বিশ্বাস যেন আবারও বেশ আটঘাট বেঁধে নেমেই নতুন ছবিতে কাজ শুরু করেছেন। এরই ভেতরে তিনটি ছবির কাজও শুরু হয়েছে। ছবিগুলো হলো এফ আই মানিকের ‘দুই পৃথিবী’। রকিবুল আল রকিবের ‘প্রেমিক নাম্বার ওয়ান’ নামের এই দুটি ছবির শুটিংয়ে এরই ভেতরে ব্যস্ত রয়েছেন তিনি। এর পাশাপাশি জাকির হোসেন রাজুর ‘মনের মতো মন পাইলাম না’ নামের আরও একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমি মেইনস্ট্রিম চলচ্চিত্রের পক্ষে সব সময়। মানুষের ভালোবাসাই আমার আসল পুরস্কার। গেল ঈদে আমার অভিনীত ‘মাই নেম ইজ খান’ ছবিটিও সবচেয়ে ব্যবসাসফল হিসেবে প্রশংসিত হয়েছে।’