তবুও সাফল্যের প্রত্যাশায়

কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, অজয় দেবগণ ও অর্জুন রামপাল অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সত্যগ্রহ’ মুক্তি পেল গত ৩০ আগস্ট। ৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করে ১১.২১ কোটি রুপি। আর এ নিয়ে পরিচালক প্রকাশ ঝা’সহ পুরো চলচ্চিত্রের সবাই খুশি। তারপরও কারিনা কাপুর বলেছেন, ‘এই ছবিটি প্রকাশ ঝা-এর ‘রাজনীতি’র সিক্যুয়ালই অনেকটা বলা যায়, তবে সিক্যুয়াল নয়। ‘রাজনীতি’ থেকে এই ছবির কাস্টিং, গল্প ও নির্মাণ অনেকাংশেই মানসম্মত। বক্স অফিসে প্রথম দিনের আয়ে পরিচালক খুশি হলেও আমি খানিকটা হতাশ।’ উল্লেখ্য, এই ছবির চিত্রনাট্যে অজয় দেবগণের সঙ্গে কারিনা কাপুরের একটি চুম্বন দৃশ্য থাকা সত্ত্বেও এই দৃশ্যটি করেননি কারিনা। পরবর্তীতে কারণ হিসেবে জানা যায়, বিয়ের পর থেকে নাকি সাইফের সঙ্গে ওয়াদা করেছেন, পর্দায় আর কখনও কোনো চুম্বন দৃশ্যে কাজ করবেন না তিনি।