ইউএস ওপেন
চ্যাম্পিয়নদের দিন
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২২:০১
আক্ষরিকভাবেই নতুন-পুরাতন চ্যাম্পিয়নদের একদিন দেখলো ইউএস ওপেন। ১৯৯৭ সালের মহিলা এককের চ্যাম্পিয়ন মার্টিনা হিঙ্গিস আবারও ফিরে আসলেন ইউএস ওপেনে। তবে, তার বহু প্রতীক্ষিত ফেরাটা শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখতে পারেনি। মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতর দুটি ম্যাচেই হেরে গেছেন এই সুইস তারকা। হিঙ্গিস হারলেও প্রত্যাশিত জয় পেয়েছেন তারই সাবেক প্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামস। তার সাথে শেষ ষোলতে পৌঁছেছেন পোল্যান্ডের অগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা ও চীনের লি না। পুরুষ এককে তৃতীয় রাউন্ডে গেলেন বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও সাবেক চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। দিনের সবচেয়ে বড় ঘটনা হল ২০০৯ সালের চ্যাম্পিয়ন হুয়ান মার্টিন দেল পোত্রো’র বাদ পড়া। পাঁচ রাউন্ডের এক ধ্রূপদী লড়াই শেষে তাকে বিদায় করে দেন ২০০১ সালের চ্যাম্পিয়ন লেটন হিউইট। বিদায় নিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচও।
তৃতীয় রাউন্ডের ম্যাচে অবাছাই কাজাকিস্তানের ইয়ারোস্লাভা শেদোভা হারিয়েছেন সেরেনা। ৩৮ মিনিট সময় ব্যয় করে প্রথম সেট ৬-৩ গেমে জিতে ম্যাচে এগিয়ে যান তিনি। এরপর দ্বিতীয় সেটেও জয় পেয়েছেন সেরেনা। তবে প্রথম সেটের চেয়ে কিছুটা কম সময় অর্থাত্ ৩৬ মিনিট সময় ব্যয় করে ৬-১ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচ জয় নিশ্চিত করেন ১৬টি গ্র্যান্ড স্ল¬্যামের মালিক সেরেনা।
প্রথম সেটেই জকোভিচকে চিন্তায় ফেলে দিয়েছিলেন জার্মানির অবাছাই খেলোয়াড় বেঞ্জামিন বেকার। উদ্বোধনী সেটে দুর্দান্ত লড়াই করেন দু’জনই। ফলে সেটটি গড়ায় টাইব্রেকারে। আর তাতে জয় পান জকোভিচই। ৭-৬ (৭/২) গেমে ঐ সেটটি জিতে ম্যাচে এক ধাপ এগিয়ে যান ছয়টি গ্র্যান্ড স্ল¬্যামের মালিক জকোভিচ।
তবে দ্বিতীয় ও তৃতীয় সেট সহজে জিতে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন জকোভিচ। ৬-২ ও ৬-২ গেমে শেষ দুই সেট জিতে ম্যাচের ইতি টানেন তিনি। এজন্য সময় ব্যয় হয়েছে ১ ঘণ্টা ৫১ মিনিট।
অন্যদিকে চার সেটে ম্যাচ জিততে হয়েছে মারেকে। প্রথম সেট ৭-৫ গেমে জিতে অবাছাই আর্জেন্টিনার লিওনাদ্রো মায়ারের বিপক্ষে দারুণ শুরু করেন মারে। পরের সেটেও নিজের আধিপত্য অব্যাহত রাখেন এই ব্রিটিশ। ফলে ম্যাচ জয়টি নিশ্চিত হয়ে যায় মারের। কিন্তু তৃতীয় সেটে জ্বলে উঠেন মায়ার। ৬-৩ গেমে ঐ সেট জিতে ম্যাচে সমতা আনার পাশাপাশি প্রতিপক্ষকে টেক্কা দেবার ইঙ্গিত দেন আর্জেন্টাইন টেনিস তারকা। কিন্তু তৃতীয় সেটের মত ভুল চতুর্থ সেটে করেননি মারে। তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করতে চতুর্থ সেটে নিজের সেরাটা ঢেলে দেন মারে। ফলে ৬-১ গেমে সেটটি জিতে শিরোপা জয়ের মিশনটা অব্যাহত রাখেন মারে।
শীর্ষ খেলোয়াড়দের জয়ের দিনে হতাশ করলেন দেল পোত্রো। র্যাংকিংয়ে ৫৭তম স্থানে থাকা হিউইটের কাছে মাথা নত করেন তিনি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হিউইট ৬-৪, ৫-৭, ৩-৬, ৭-৬ (৭/২) ও ৬-১ গেমে হারান পোত্রোকে।