দিবা-রাত্রির টেস্টে ‘রোমাঞ্চিত’ নিউজিল্যান্ড

দিবা-রাত্রির টেস্ট ক্রিকেট নিয়ে নানা কথা বার্তা চলছে কয়েক বছর ধরে। বার বার এই উদ্যোগ ভেস্তে গেলেও অবশেষে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার এমন টেস্ট ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনায় রোমাঞ্চিত নিউজিল্যান্ড ক্রিকেটের কর্মকর্তারা। সবকিছু ঠিক থাকলে ২০১৫ সালের শেষ দিকে শেফিল্ড শিল্ডে দিবা-রাত্রির প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নেবে নিউজিল্যান্ড দল। আর সেই ম্যাচে আশানুরূপ সাফল্য পেলে টেস্টও দেখা যেতে পারে দিবা-রাত্রির ফরম্যাটে। দিবা-রাত্রির টেস্ট নিয়ে অস্ট্রেলিয়ার আগ্রহটা সবার থেকে বেশি। তারা বেশ আগে থেকেই ঘরোয়া ক্রিকেটে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এর আগে ভারতকে তাদের দেশে দিবা-রাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ জানালেও ভারতের দিক থেকে উপযুক্ত সাড়া মেলেনি। তাই ভেস্তে যায় অস্ট্রেলিয়ার সেই উদ্যোগ। এরপর পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে দিবা-রাত্রির টেস্ট আয়োজনের একটা উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু আলোর মুখ দেখিনি সেই উদ্যোগও। এবার সরাসরি টেস্ট না হলেও প্রথম শ্রেণীর দিবা-রাত্রির ম্যাচে অস্ট্রেলিয়ার উদ্যোগে সাড়া মিলেছে নিউজিল্যান্ডের থেকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেয়ে ‘খুবই রোমাঞ্চিত’। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমরা দিবা-রাত্রির টেস্ট খেলতে খুবই আগ্রহী।’ এই মৌসুমে কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত শেফিল্ড শিল্ডের নবম রাউন্ডের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। বলের রঙ হবে গোলাপী। এই আয়োজন সফল হলে আরো বিস্তৃতভাবে দিবা-রাত্রির টেস্ট ক্রিকেট খেলার দিকে অগ্রসর হবে ক্রিকেট অস্ট্রেলিয়া।