তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২২:৩৬
বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন সম্ভব নয় এবং হতেও দেয়া হবে না। তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে এই সরকারকে নির্বাচন দিতে হবে। এর কোন বিকল্প নেই। আর বর্তমান সরকার যদি জোরপূর্বক নির্বাচন করতে যায়, দেশে যদি অসাংবিধানিক সরকার আসে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তার দায়ভার বর্তমান প্রধানমন্ত্রীকেই বহন করতে হবে।
শুক্রবার দুপুরে দিনাজপুরে বিকল্প ধারা বাংলাদেশের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে দেশের স্বার্থে যে কোন রাজনৈতিক মেরুকরণের দিকে যাওয়ার ঘোষণা দেন অধ্যাপক বি চৌধুরী।
দিনাজপুর লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নান। বিকল্প ধারা দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিকল্প ধারার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুর রউফ মান্নান, দপ্তর সম্পাদক ওয়াসিমূল ইসলাম, রংপুর বিভাগের যুগ্ম মহাসচিব মেজর (অব) মকবুল হোসেন, দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।