‘খাগড়াছড়ির আক্রান্তদের নিরাপত্তা ও আস্থা বৃদ্ধিতে কাজ করতে হবে’
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২২:৩৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সহিংস ঘটনায় আক্রান্ত মানুষের নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনতে আরো কাজ করতে হবে। বৌদ্ধ বিহার পুন:নির্মাণ, বৌদ্ধমূর্তি প্রতিস্থাপন এবং ভিক্ষুদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মাটিরাঙ্গায় আক্রান্ত আদিবাসীদের সহায়তায় নাগরিক কমিটি আয়োজিত গতকাল শনিবার অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, অভিনেত্রী রোকেয়া প্রাচী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দিতে, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে হামলার ষড়যন্ত্রকারী, ইন্ধনদাতা ও প্রত্যক্ষ অংশগ্রহণকারীদের উপযুক্ত শাস্তি দেয়ার সুপারিশ করা হয়। একইসাথে সেখানে বাঙালি ও আদিবাসী মিলিয়ে পার্বত্য চুক্তি অনুযায়ী মিশ্র পুলিশ বাহিনী মোতায়েন এবং ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ এর সংশোধনী বর্তমান সংসদেই সংশোধন করারও দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে আবুল মকসুদ বলেন, অপরাধ প্রশ্রয় দেয়া হচ্ছে বলে একই ঘটনা বার বার হচ্ছে। সেখানকার মানুষ কেবল বসবাস করার নিরাপত্তা চায়।