ঐকমত্য হলে সর্বদলীয় সরকার গঠন সম্ভব :ড. কামাল
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪০
সংবিধান প্রণেতা ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলে সর্বদলীয় সরকার গঠন করা সম্ভব। অতীতে দেখেছি যে ঐকমত্যের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে সর্বদলীয় সরকার প্রধান করা হয়েছিলো। তখন তো সর্বদলীয় সরকারের বিষয়ে সংবিধানের কোন বিধান ছিলো না। জাতীয় সংসদ নির্বাচনের পর ভূতাপেক্ষা কার্যকারিতা দিয়ে সেটিকে বৈধ করা হয়েছিলো। আর সেটি সর্বসম্মতি ক্রমেই করা হয়েছিলো। আমি মনে করি ঐকমত্য থাকলে এটি সব সময়ই সম্ভব।
গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অফ ল’ এন্ড ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স (বিলিয়া) এর উদ্যোগে ড. এম জহিরের স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, আমি আশা করি প্রধান দুই রাজনৈতিক দলের দায়িত্ববোধ আছে। এদের একজন সংসদ নেতা, আরেকজন বিরোধী দলীয় নেতা। এই দু’জনের একটি সাংবিধানিক দায়িত্ব আছে যেন দেশে সংবিধান নিয়ে কোন সংকট সৃষ্টি না হয়। সেই কারণে আমি মনে করি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের উপায় নিয়ে যে আলোচনার কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে যেন তারা সাংবিধানিক দায়িত্ব পালন করেন। তারা যেন সকলের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হন।
ড. কামাল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় দেশের শতভাগ মানুষ। এখন কিভাবে সেটা নিশ্চিত করা যায় তা নিয়ে সকলের মত প্রকাশ করা দরকার। আমি বলব দলীয় মতামতকে একদিকে রেখে সচেতন নাগরিক হিসেবে সবাই চিন্তা করলে মনে হয় এ ব্যাপারে একটি গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।
সাবেক এটর্নি জেনারেল ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, আমার মনে হয় নির্বাচনের পূর্বে টেম্পরারি ইন্টারিম গভর্নমেন্ট ফরম (অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার) হবে। এটি না হলে নির্বাচন নাও হতে পারে। আর নির্বাচন না হলে সেটি আমাদের জন্য খুবই খারাপ হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমি এখনো বিশ্বাস করি দেশে নির্বাচন হবে। নির্বাচনের কোন বিকল্প নেই।