রাণীনগরে সেতুর অভাবে হাজারো মানুষের দুর্ভোগ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪১
নওগাঁর রাণীনগরের আত্রাই নদীর উপরের একটি সেতু বদলে দিতে পারে এলাকার শতাধিক গ্রামের হাজারো মানুষের ভাগ্য। জীবনের ঝুঁকি নিয়ে এ সাঁকোর উপর দিয়ে প্রতিদিন শত শত ভ্যান, ভটভটি, মোটর সাইকেল, সাইকেলসহ অনেক যানবাহন ও হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে। অনুন্নত যোগাযোগ, বিদ্যুত্ ও স্কুল-কলেজের স্বল্পতাসহ প্রায় শতাধিক গ্রামের মানুষ মানবেতর জীবন-যাপন করছে।
রাণীনগর উপজেলার কৃষি পণ্য স্থানীয় চাহিদা পূরণ করেও ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে। একটি মাত্র সেতুর জন্য প্রায় শতাধিক গ্রামের কৃষিজীবী, পেশাজীবী, মত্স্যজীবী এবং এলাকার প্রান্তিক কৃষকরা তাদের উত্পাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে না।
আত্রাই নদীর ওপর সেতু না থাকায় ফড়িয়াদের কাছে পানির দরে কৃষকেরা তাদের উত্পাদিত ফসল বিক্রি করতে বাধ্য হয়। এলাকাবাসী জানান, রাণীনগর উপজেলা প্রকৌশল অফিস থেকে একাধিকবার মাপজোপ করে গেলেও অদ্যাবধি সেতুর দেখা নেই।
সহকারী কমিশনার ( ভূমি) দেড় বছর আগে “বেতগাড়ী সেতুর নির্ধারিত স্থান” একটি সাইনবোর্ড টাঙিয়ে ছিল। যা ইতিমধ্যে বিলীন হয়ে গেলেও সেতুর মুখ দেখতে পায়নি এলাকাবাসী।
উপজেলার মিরাট ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, এ সেতুটি নির্মাণ হলে রাণীনগর, আত্রাই, মান্দা, বাগমারা উপজেলার লোকজনের নওগাঁ জেলা সদরসহ বিভিন্ন জেলার সাথে স্বল্প সময়ে যোগাযোগ করতে পারতো।