প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পদক পেলেন ইনাম আল হক

বাংলাদেশের পাখি ও প্রকৃতি রক্ষায় অসামান্য অবদানের জন্য প্রখ্যাত পাখিপ্রেমিক ইনাম আল হককে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই ‘প্রকৃতি সংরক্ষণ পদক- ২০১৩’ প্রদান করা হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও দেশের শীর্ষস্থানীয় পরিবেশবিদগণ। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির ইনাম আল হককে ১ লাখ টাকার চেক প্রদান করেন এবং ডা. জোনায়েদ শফিক জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষে তাকে আজীবন বিনামূল্যে চিকিত্সা সেবা দেয়ার সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মকাণ্ড ও ইনাম আল হকের জীবনী নিয়ে দুটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র দেখানো হয়। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন নির্মিত বাংলাদেশের প্রথম জীববৈচিত্র্য ও পরিবেশ বিষয়ক ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’ এর ‘ডিভিডি-২০১৩’ এর মোড়ক উন্মোচন করা হয়।