ইসলামের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

রাজধানীসহ সারাদেশে মসজিদ ভিত্তিক অথবা ধর্মভিত্তিক শিক্ষার ক্ষেত্রে যেন ইসলামের অপব্যাখ্যা দেয়া না হয় সে জন্য ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরতদের সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, মাঝে মধ্যে মসজিদ ভিত্তিক অথবা ধর্মভিত্তিক শিক্ষায় ইসলামের অপব্যাখ্যা দেয়া হয়। এ বিষয়টি কমিটির নজরে নিয়ে আসার পর কমিটি উক্ত বিষয়ের প্রতি তীক্ষ দৃষ্টি রেখে অপব্যাখ্যা যারা দেয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শামসুর রহমান শরীফ, সাধন চন্দ্র মজুমদার এবং এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান) বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সচিবসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।