দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি দাবি

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, জাতীয় সংসদে সংখ্যালঘু সমপ্রদায়ের জন্য ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা চালু ও একটি সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে গত শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচী চালন করে হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখা। মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সংবিধানে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও সুযোগ-সুবিধার বিধান থাকা সত্ত্বেও এদেশের হিন্দু সমপ্রদায় তা থেকে বঞ্চিত হচ্ছে। এদেশের হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সারা বছর হিন্দু সমপ্রদায় এই উত্সবের দিকে চেয়ে থাকে। পরিবারের সবাই এই ধর্মীয় উত্সবেই একত্রিত হওয়ার জন্য উন্মুখ থাকে; অথচ শুধুমাত্র পূজার শেষের দিন অর্থাত্ বিজয়া দশমীর দিনে সরকারি ছুটি থাকায় হিন্দু সমপ্রদায় পরিবার-পরিজন নিয়ে ধর্মীয় উত্সব পালন করার সুযোগ থেকে বঞ্চিত থাকে। এদেশের হিন্দু সমপ্রদায় সরকারের কাছে দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি দাবি করছে। হিন্দু মহাজোট চট্টগ্রামের আহবায়ক এ্যাড. যীশুকৃষ্ণ রক্ষিতের সভাপতিত্বে মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম লোকনাথ সেবক পরিষদের সভাপতি তপন চক্রবর্তী, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তপন কান্তি দাশ, জহর চক্রবর্তী, অমলেন্দু মল্লিক, হিন্দু মহাজোট চট্টগ্রামের সদস্য সচিব রিপম দাশ প্রমুখ।