রামগতিতে অস্ত্রসহ ৪ জলদস্যু আটক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালরচর জারিরদোনা মাছ ঘাট এলাকায় শুক্রবার রাতে স্থানীয় জেলে ও এলাকাবাসি আগ্নেয়াস্ত্রসহ চার জলদস্যুকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক জলদস্যুরা হচ্ছে, চর আব্দুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেল্লাল হোসেনের ভাই মো. জহিরুল ইসলাম (৩৮), আলেকজান্ডার এলাকার আহমদউল্ল্যার ছেলে মো. ইউসুফ (৩৫), একই এলাকার বশির আহমদের ছেলে মো. হোসেন (৩০) এবং চরগজারিয়া তেলিরচর এলাকার সোহেল (২৫)। জারিরদোনা মাছ ঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনির জানান, ১৫-১৬ জনের একদল জলদস্যু ঘাটের অদূরে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় টের পেয়ে স্থানীয় জেলে ও এলাকাবাসি চারদিক থেকে ঘেরাও করে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করা হয়। অপর জলদস্যুরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই ঘটনাস্থল থেকে আটক ওই চার জলদস্যুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান, একটি বন্দুক ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দু‘টি মামলা দায়ের করা হয়েছে।