গৌরনদীর নিজাম উদ্দিন কলেজের সভা পণ্ড

সরকার দলীয় কতিপয় নেতার পছন্দের লোককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিতে রাজি না হওয়ায় গত শুক্রবার সকালে গৌরনদীর হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভা পণ্ড করে দিয়েছেন কতিপয় আওয়ামী লীগ নেতা। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, নিজাম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় ১ম স্থান অধিকারীর পরিবর্তে ৩য় স্থান লাভকারীকে নিয়োগ দেয়ার জন্য গভর্নিং বডির সদস্যদের ওপর চাপ প্রয়োগ করছিলেন স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতা। তাদের কথায় রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার সকাল ১১টার দিকে তাদের নেতৃত্বে শতাধিক লোক গভর্নিং বডির মিটিং চলাকালীন কলেজের সভাকক্ষে প্রবেশ করে গালিগালাজ করে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় ওই দুই নেতা কলেজ গভর্নিং বডির সদস্য ও গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মঞ্জুকে লাঞ্ছিত করেন। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।